“যতদিন চোরাগোপ্তা হামলা চলবে, ততদিন গ্রেফতারও চলবে”
যতদিন এ চোরাগোপ্তা হামলা চলবে, ততদিন গ্রেফতারও চলবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন তিনি।
হাছান মাহমুদ বলেন, গত ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিচারপতির বাসভবন ও হাসপাতালে হামলা হয়েছে। অ্যাম্বুলেন্সেও হামলা হয়েছে। পুলিশকে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে। একজন সাংবাদিককে মাটিতে ফেলে সাপ পেটানোর মতো করে পেটানো হয়েছে। আমাদের দলের নারীকর্মীদের কাপড় ধরে টানাটানি করা হয়েছে। এটা কোনো রাজনৈতিক দলের কার্যক্রম হতে পারে না।
তিনি বলেন, জঙ্গি সংগঠন আল–কায়েদার মতো গোপন আস্তানা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় কর্মসূচি দিচ্ছেন। রিজভীকে কেন গ্রেফতার করা হচ্ছে না?
দেশে যেন শান্তি বাজায় থাকে সেজন্য আওয়ামী লীগ শান্তিপূর্ণ অবস্থানে আছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা সারা দেশে শান্তিপূর্ণভাবেই রয়েছি। ২৮ তারিখেও আমরা এক থেকে দেড় কিলোমিটার দূরে ছিলাম। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সেখানে ছিলাম।’
তিনি আরও বলেন, ২৮ তারিখ কিছু করতে না পেরে, এখন পোশাক কারখানায় নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। যারা গার্মেন্টেসে আন্দোলন করছেন, তারা কেউ গার্মেন্টেসের শ্রমিক না। আমি শ্রমিক ভাইদের কাছে অনুরোধ জানাবো, নিজেরা যেখানে কাজ করেন সেখানে হামলা করা মানে নিজের গায়ে আঘাত করা। আগুন সন্ত্রাসী কাউকে পেলে তাকে ধরে সায়েস্তা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেবেন।
আরও পড়ুনঃ কক্সবাজারে ১৪ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





