মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশইন
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আবারও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নতুন পাল্লারথল সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। পুশইনকৃতদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী এবং ছয়জন শিশু রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বিএসএফ ভারতের বিভিন্ন এলাকা থেকে মানুষকে ধরে সীমান্তবর্তী অঞ্চলে জড়ো করে। এরপর রাতের আঁধারে পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকার সুযোগ নিয়ে তাদের বাংলাদেশে ঢুকিয়ে দেয়। স্থানীয়রা জানান, এই সীমান্তের ভৌগোলিক প্রকৃতি বিএসএফের জন্য এ ধরনের কার্যক্রম সহজ করে দিয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, পুশইনকৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ চলছে। তারা বিএসএফের এই কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলেছেন। স্থানীয় প্রশাসনও ঘটনাটি তদন্ত করছে।





