মিয়ানমারের গোলা ‘উসকানিমূলক’ কি না তা খতিয়ে দেখছে সরকার
বাংলাদেশের সীমানায় মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপের ঘটনা ‘উসকানিমূলক’ কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে একথা বলেন মন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, “শুরুতেই বাংলাদেশ মিয়ানমারের কাছে জবাব চেয়েছিল এবং এর প্রতিবাদ জানিয়েছিল। মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। তখন মিয়ানমার জানিয়েছিল, মর্টার শেলটি ভুলক্রমে বাংলাদেশের সীমানায় গিয়ে পড়ে। ভবিষ্যতে তারা সতর্ক থাকবেন বলে বাংলাদেশকে জানিয়েছিলেন।”
ওবায়দুল কাদের বলেন, “আবারও একই ঘটনা ঘটায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আন্তর্জাতিক আইন ও প্রটোকলের আলোকে খতিয়ে দেখছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, এদেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনা সরকারের কাছে নিজের অস্তিত্বের মত। বাংলাদেশ চায় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান।”
আরও পড়ুনঃ বাড়ছে করোনা সংক্রমণ; ৫ সুপারিশ কারিগরি কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে জানিয়ে কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালও লন্ডনে এ বিষয়ে কথা বলেছেন।”
উল্লেখ্য, গত শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলা সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরিত হয়ে একজন নিহত ও পাঁচজন আহত হয়। ওইদিন সকালেই ঘুমধুম সীমান্তের ওপারে ‘মাইন’ বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়। এর আগে গত ২৮ অগাস্ট দুপুরে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে দুটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টারে গোলা বাংলাদেশের সীমানার ভেতরে এসে পড়ে।
মিয়ানমার থেকে গোলা এসে পড়া এবং হতাহতের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে চতুর্থবারের মত তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সবশেষ রোববার সকালে রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে ডাকা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।






ব্রিটিশ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী - tathyasangjog
September 18, 2022[…] […]