মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সারওয়ার-ই-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আবদুল্লাহর কাছে শপথ নেন ৭৫ বছর বয়সী পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম।
শপথ নেয়ার পর প্রথম টুইট বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, দলের ইচ্ছে এবং বিবেকের তাগিদে তিনি এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পেতে ব্যর্থ হয় বড় দুই জোট পাকাতান হারাপান ও পেরিকাতান ন্যাশনাল।
এরপরই অবশ্য মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ জানিয়েছিলেন, খুব শিগগির নিজের পছন্দসই ও যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তিনি। সরকার গঠনে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ার পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেলেন আনোয়ার ইব্রাহিম।
আরও পড়ুনঃ “নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিন”





