“মাদকের আগ্রাসন ও অনুপ্রবেশ বন্ধে সরকার কাজ করছে”
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স বাস্তবায়নে সরকার অবৈধ মাদকের আগ্রাসন ও অনুপ্রবেশ বন্ধে নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে জানান, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থা সারাদেশে ২০২২ সালে ১ লাখ ৩২১টি মামলা দায়ের এবং ১ লাখ ২৪ হাজার ৭৭৫ জন মাদক চোরাকারবারীকে আইনের আওতায় এনেছে। এই সময়ে ৪ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৫৬৯ পিস ইয়াবা, ১ লাখ ১৫ হাজার ৩৬৭ কেজি গাঁজা, ৭ লক্ষ ৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।’
আসাদুজ্জামান খাঁন বলেন, কক্সবাজার এলাকায় মাদক (ইয়াবা) চোরাচালান রোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার প্রতিরোধে টেকনাকে একজন উপপরিচালকের নেতৃত্বে ২৯ জনবলের বিশেষ জোন স্থাপন করা হয়েছে এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়্যারলেস টাওয়ার স্থাপন করা হয়েছে। এছাড়া নৌ পথে ইয়াবা পাচার বন্ধে টেকনাফে ২টি স্পিডবোটের মাধ্যমে টহল জোরদার করা হয়েছে।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪০ ধারা মোতাবেক মাদক চোরাকারবারীদের জন্য কঠোরতম সাজা নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুনঃ ১৮ ফেব্রুয়ারি উত্তরা এবং ১ মার্চ থেকে মিরপুর-১০ এ থামবে মেট্রোরেল





