“ভারতের সঙ্গে টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে”
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কাটিয়ে উঠতে আলোচনা হবে বলে জানিয়েছেন।
আজ শনিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে, তা অস্বীকার করা যাবে না। সে টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা হবে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবো।’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘জাতিসংঘ অধিবেশনে যোগদান করতে প্রধান উপদেষ্টা চার্টার্ড ফ্লাইটে নিউইয়র্ক যাবেন না। বাণিজ্যিক ফ্লাইটে যাবেন।’
তৌহিদ হোসেন আরও বলেন, ‘নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশনপ্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই।’
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে- বাংলাদেশ জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুনঃ তিন পার্বত্য জেলায় শান্ত থাকতে সকলকে আহ্বান প্রধান উপদেষ্টার





