“ব্যালট যুদ্ধের মাধ্যমে সেই স্বাধীনতা বিরোধীদের কবর রচনা করতে হবে”
নির্বাচনে এবার ব্যালট যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের কবর রচনা করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের কবর রচনা করতে না পারলে সবসময় তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করবে। এই সুযোগটা যাতে এবার যথার্থভাবে কাজে লাগাতে পারি সেলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের বিশেষ দায়িত্ব রয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালে আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলেন। আজ তিনি নেই। তবে তাঁর উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সেই ৭১-এর বিজয়ের গৌরবকে আমরা সমন্বিত রাখবো।
স্বাধীনতা বিরোধীদের দাঁতভাঙা জবাব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা ভাইদের কাছে অনুরোধ রাখবো, আমরা অনেকে বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি। কিন্তু আমাদের মনোবল হারাইনি। বঙ্গবন্ধুর ডাকে আমরা অস্ত্র জমা দিয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জমা দেইনি।
আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী





