“ব্যাংকের অবস্থা কোথায় খারাপ লিখিত দেন”
ইসলামী ব্যাংকসহ কয়েটি ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংকের অবস্থা কোথায় খারাপ লিখিত দিয়ে যান, আমরা খতিয়ে দেখবো।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।
এসময় সচিবালয়ে গৃহ নির্মাণ ঋণ ব্যবস্থাপনা মডিউলের উদ্বোধন উপলক্ষে অর্থমন্ত্রী বলেন, সরকার যে সার্বজনীন পেনশন স্কিম করেছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সরকারি কর্মচারীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালের ৩০ জুলাই ‘সরকারি কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান নীতিমালা’ প্রণয়ন করা হয়।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বর্তমানে সরকারি কর্মচারী, পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের শিক্ষক/কর্মচারি এবং প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকদের জন্য গৃহ নির্মাণ ঋণ কার্যক্রম চলমান রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, গৃহ নির্মাণ ঋণের জন্য এখন যে ব্যবস্থা চালু রয়েছে তাতে দেখা যায় অধিকাংশ সময় একজন আবেদনকারীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ সময় লেগে যায়। আবেদনের অবস্থা কী বা কোন পর্যায়ে আছে সেটা জানারও কোনো সুযোগ আবেদনকারীর থাকে না।
তিনি বলেন, ঋণ আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজ করা হলে এ ধরনের সমস্যা দূর হবে বলে আশা করা যায়। একই সঙ্গে আবেদনকারী সরাসরি অনলাইনে অর্থ বিভাগে আবেদন করতে পারবে। এবং ব্যাংক ও মন্ত্রণালয় মিলে খুব অল্প সময়ের মধ্যে অর্থ বিভাগ হতে সুদ ভর্তুকির মঞ্জুরি আদেশ জারি করা সম্ভব হবে।





