বুধবারই নবনির্বাচিত এমপিদের শপথ; নবনির্বাচিতদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়
নবনির্বাচিত নতুন সংসদ সদস্যদের (এমপি) নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। বুধবার সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছিল, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ হতে পারে।
কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসেই শপথ নিতে যাচ্ছেন নতুন সংসদ সদস্যরা। এরপর নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।
নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে মঙ্গলবারের মধ্যে প্রকাশ করতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হয় নতুন সংসদ সদস্যদের।
সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’
এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।





