বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখী
সম্প্রতি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব ও রাশিয়া। অন্যদিকে তেলের চাহিদা বাড়ছে চীনে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছোঁয়ার পথে।
এ বিষয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার জ্বালানি তেলের দাম বেন্ট্র ক্রুডের দাম ৩৯ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪.৩২ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ঠেকেছে ৯১.৩০ ডলারে।
অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কই গত তিন সপ্তাহ ধরে টানা বাড়ছে। এতে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআইয়ের দাম গত বছরের নভেম্বরের পর সর্বোচ্চে স্তরে রয়েছে। অর্থাৎ, বিশ্ববাজারে তেলের দাম বিগত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে, ২০২২ সালের প্রথম প্রান্তিকে ইউক্রেনে রাশিয়া অভিযানের সময় তেলের দাম যে পর্যায়ে উঠে গিয়েছিল, চলতি প্রান্তিকে বৈশ্বিক বাজারে তেলের দাম সে পর্যায়ে উঠার পথে রয়েছে।




