দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০
দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে লিমপোপো প্রদেশে সিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পরিবহন কর্মকর্তা ভোনগানি চাউকে জানান, রোববার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির উত্তরাঞ্চলের লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। গ্রামটি প্রতিবেশী দেশ জিম্বাবুয়ের সীমান্তবর্তী একটি গ্রাম এবং ভেনেতিয়া মাইন থেকে ২৫ কিলোমিটার দূরে।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। পথিমধ্যে লরির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো খনি রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।





