বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিগত নয় মাসে সর্বোচ্চে উঠেছে।
এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সম্মিলিতভাবে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে, যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গেছে।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে উঠে গেছে ৮৭ দশমিক ৫১ ডলারে।
ফলে ব্রেন্ট ক্রুডের দাম গত বছরের ১৬ নভেম্বরের পর সর্বোচ্চ রয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও গত বছরের নভেম্বর মাসের পর এখন সর্বোচ্চ।
চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দামই প্রায় ২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে।
আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?





