বাঘ শুমারি; সুন্দরবনের ৬৬৫ স্পটে বসছে ক্যামেরা
গত ১৫ ডিসেম্বর সুন্দরবনে শুরু হয়েছে বাঘ শুমারি কার্যক্রম। এ লক্ষে আগামী ১ জানুয়ারি থেকে বাঘ শুমারি বা গণনার জন্য সুন্দরবনের ৬৬৫ স্পটে ক্যামেরা বসানো হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সুন্দরবনের বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ ও বাঘ সংরক্ষণের জন্য চলতি বছরের ২৩ মার্চ সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধুমাত্র বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়েছে। শেষ হবে ২০২৫ সালের জুন পর্যন্ত। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা।
সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, চলতি মাসের ১৫ ডিসেম্বর সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগি ফরেস্ট স্টেশনের আওতাধীন খালগুলোর দুই পাশে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে বাঘ শুমারি বা গণনার জন্য সুন্দরবনের ৬৬৫ স্পটে স্থাপন করা হবে জোড়া ক্যামেরা। ২০২৪ সালের জুন মাসে বাঘ গণনার ফলাফল জানা যাবে।
সর্বশেষ ২০১৮ সালে সুন্দরবনে বাঘ শুমারি হয়। সেই গণনাতে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়। বর্তমানে সুন্দরবনে আগের চেয়ে বাঘের সংখ্যা বেড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী





