বাংলাদেশের ১৪০ শান্তিরক্ষী পেলেন জাতিসংঘ শান্তিপদক
জাতিসংঘ শান্তিপদক পেয়েছেন মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ আর্মড পুলিশ ইউনিট-২ (রোটেশন-৪) এর ১৪০ জন সদস্য ।
আজ সোমবার তাদের শান্তিপদক পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ প্রধান পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বুগানি।
এসময় জেনারেল বেটিনা প্যাট্রিসিয়া বুগানি বলেন, প্রতিকূল পরিবেশেও অত্যন্ত সুনামের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কাজ পরিচালনা করে স্থানীয় জনগণের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।
ব্যানএফপিইউ-২ এর অপারেশনাল কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কার্যক্রম- ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ, চিকিৎসাসামগ্রী বিতরণ, স্কুলে শিক্ষাসামগ্রী ও মসজিদে উপহারসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণের ভূয়সী প্রশংসা করেন তিনি।
শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের অংশগ্রহণ ও তাদের দক্ষতা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন বেটিনা প্যাট্রিসিয়া বুগানি।
আরও পড়ুনঃ ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে গণসমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি





