“বাংলাদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে”
বাংলাদেশের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত সচিব অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগচী।
তিনি বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত এবং স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ হিসেবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সমর্থন অব্যাহত রাখবে।
সম্প্রতি বাংলাদেশে কয়েকজন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতারের প্রেক্ষিতে বিরোধীদের ওপর ‘ধরপাকড়’ চালানো হচ্ছে বলে অভিযোগ করে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মন্তব্য করেন অরিন্দম বাগচী।
তিনি বলেন, আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ নীতি নিয়ে মন্তব্য করতে চাই না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে।
আরও পড়ুনঃ “বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”





