পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে সরকারের নতুন উদ্যোগ
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। তিনি জানান, বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে অন্যান্য বন্ধুপ্রতিম দেশের মতো একটি স্বাভাবিক ও সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (২৪ আগস্ট, ২০২৫) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, “পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং বহুমুখী। আজকের বৈঠকে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছি। পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং সমঝোতার ভিত্তিতে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক চাই, এর বেশি কিছু নয়। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে পারস্পরিক আলোচনার মাধ্যমে সম্পর্ককে এগিয়ে নেওয়া হবে।”





