পাকিস্তানে সেনা ঘাটিতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩
পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হামলায় নিহতদের মধ্যে অনেকেই ঘুমন্ত অবস্থায় এবং বেসামরিক পোশাকে ছিল। তাই এখনও নিশ্চিত হওয়া যায়নি যে নিহতদের সবাই সামরিক কর্মী কিনা।
পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পৃক্ত নতুন গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রাত আড়াইটার দিকে তারা আত্মঘাতী এ হামলা চালায়।
এদিকে, হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য নিহত ও ২৮ জন আহত হয়েছেন।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু





