নারায়ণগঞ্জে গুলিতে আহত ৫
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টে’ প্রকাশ্যে গুলিতে নারীসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে আংগুরা ভিলার নিচতলায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া (৫০), কর্মচারী ইউনুস, আউয়াল ও জনি। এর মধ্যে কাজলের অবস্থা গুরুতর। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আংগুরা ভিলার মালিক বীর মুক্তিযোদ্ধা আজহার তালুকদার। তিনি ও তার ভাই আজিজুল হকের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে শুক্কর আলী নামে এক ব্যবসায়ী ‘সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্ট’ দিয়েছেন। রাতে আজহার তালুকদার রেস্টুরেন্টে এসে শুক্কর আলীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। শুক্কর টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এসময় রেস্টুরেন্টের ম্যানেজার কাজল মিয়া এগিয়ে এসে আজহারকে বোঝানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাসা থেকে শটগান এনে কাজলকে লক্ষ্য করে গুলি ছোড়েন আজহার। এসময় আশপাশে থাকা অন্যরা তাকে থামাতে এলে তাদেরকে লক্ষ্য করেও গুলি ছোড়েন আজহার তালুকদার। এতে এক নারীসহ পাঁচজন গুলিবিদ্ধ হন।
আরও পড়ুনঃ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন





