নাইক্ষ্যংছড়ির পর উখিয়া সীমান্তে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে গোলাগুলির পর এবার নতুন করে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্তেও গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপ চলছে।
এ বিষয়ে উখিয়া পালংখালীর এক বাসিন্দা বলেন, দুই মাস ধরে ঘুমধুম সীমান্তে গোলাগুলির খবর শোনা গিয়েছিল। আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে পালংখালী সীমান্তের বিপরীতে মুহুর্মুহু গোলাগুলি শুরু করে মিয়ানমার নিরাপত্তা বাহিনী। দুপুর পর্যন্ত থেমে থেমে ছোড়া হচ্ছে মর্টার শেলের গোলা। এতে পালংখালী ইউনিয়নের ২, ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমান পাড়া, থাইংখালী ও বালুখালী গ্রামের মানুষ আতঙ্কে আছে।
মর্টার শেল নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ সীমান্তে বিজিবি তৎপরতা বাড়িয়েছে বলে জানিয়েছেন পালংখালী বাসিন্দারা।
আরও পড়ুনঃ নিরাপত্তা চেয়ে জাতিসংঘে চিঠি পাঠাল শূন্যরেখার রোহিঙ্গারা
এর আগে, শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলার সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরিত হয়। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে সকালে ঘুমধুম সীমান্তের ওপারে ‘মাইন’ বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়।
আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর লড়াইয়ের মধ্যে এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমারের নিক্ষিপ্ত গোলা বাংলাদেশের সীমানায় এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত না হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।






রাজপথ কোন দলের পৈতৃক সম্পত্তি নয়: ওবায়দুল কাদের - tathyasangjog
September 20, 2022[…] […]