দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ নিয়ে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮১ জনের।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ জন এবং ঢাকার বাইরের ২৭ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ১৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ১৩৪ জন এবং ঢাকার বাইরের ২৩ হাজার ৫৫ জন।
অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ১৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৭৫৮ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৭৫৫ জন।
আরও পড়ুনঃ বুধবার ১১টায় মেট্রোরেলের উদ্বোধন: সেতুমন্ত্রী





