“দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির কারণে পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে”
পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো চলমান প্রক্রিয়া উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায় যাদের দক্ষতায় ঘাটতি পড়ে যায়, তাদের যদি দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তখন তাদের অনেক আগে থেকেই এ ব্যবস্থাটা নেয়া হচ্ছে। সেই পর্যায়ে তাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি ছিল বলে ডিপার্টমেন্ট থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পুলিশের পাঁচজন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
দেশপ্রেমের ঘাটতি অ্যালার্মিং কি-না; এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অ্যালার্মিং মনে করব কেন, সরকারের কাছে কিছুই অ্যালার্মিং নয়। সরকার যদি মনে করে তার দক্ষতার ঘাটতি হয়েছে, তাকে দিয়ে কাজ হবে না। খামাখা একটা পোস্ট দখল করে রাখবে কেন? আরেকজনকে সেই পদে দিলে তার দক্ষতা দিয়ে আরও বেশি সেবা দিতে পারবে। সে জন্য এ কাজটি করা।





