তোপখানায় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগ!
রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যার দিকে অজ্ঞাতপরিচয় একদল লোক কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় কার্যালয়ে থাকা কর্মীরা প্রাণভয়ে পালিয়ে যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এই ঘটনা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশব্যাপী চলমান বিক্ষোভ-অগ্নিসংযোগের অংশ বলে মনে করা হচ্ছে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী জনতা রাস্তায় নেমে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। এরই অংশ হিসেবে উদীচী শিল্পীগোষ্ঠীর মতো সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন, যা মুক্তিযুদ্ধের চেতনা ও সেক্যুলারিজমের পক্ষে সোচ্চার। এই হামলাকে সাংস্কৃতিক আগ্রাসন হিসেবে দেখছেন অনেকে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেকোনো সহিংসতার নিন্দা জানিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।





