“ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য হয়নি”
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এটা সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটিটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘সম্প্রচার: সাংবাদিক সুরক্ষা প্রতিবেদন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তার সরকার এমন কোন আইন করবে না, যেটা সংবিধান পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, সেগুলোর ব্যাপারে সরকার ব্যবস্থা নিয়েছে। যেসব সমস্যা ছিল, সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান করার চেষ্টা করছি।
এ সময় আনিসুল হক বলেন, সম্প্রতি একজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা গ্রহণের আগে পুলিশের শীর্ষ একজন কর্মকর্তা আমাকে ফোন করে জানিয়েছেন, মামলাটি তিনি নেবেন কি-না। আমি তখন মতামত দিয়েছি। এটাও একটা অগ্রগতি। আগে পুলিশ মামলা হওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করতো।
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। আইনটি সাংবাদিকদের সুরক্ষার জন্য করা হচ্ছে। তিনি বলেন, আইনটি এখন সংসদীয় কমিটিতে আছে। যেহেতু এ আইনের বেশ কিছু ধারা নিয়ে সাংবাদিক মহল কথা বলছেন, তাই এগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে সাংবাদিক নেতারা, মালিক পক্ষ এবং প্রয়োজনে আমি থেকে আলোচনা করতে পারি এবং আপনারা চাইলে এবিষয়ে আমি উদ্যোগ নিতে পারি।
আরও পড়ুনঃ “আবদুল হামিদ যে পদেই ছিলেন সেখানেই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন”





