ডাকসু নির্বাচনের ফলাফল বিলম্ব: ঢাবিতে বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা এবং ফলাফল ঘোষণায় সময় লাগায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, নির্বাচন উপলক্ষে প্রশাসন প্রথমে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গ্রামের বাড়ি বা বেড়াতে চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন কয়েকজন প্রার্থী। কেউ কেউ ছুটি বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদনও করেন।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমে ছুটি তিন দিনে নামিয়ে আনা হয়। পরে আরও আপত্তির মুখে কেবল ভোটের দিন (৯ সেপ্টেম্বর) ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, ফলাফল ঘোষণায় বিলম্বের কারণে বুধবারও ছুটি বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনী কার্যক্রম শেষ হলেই ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে।





