টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি
কক্সবাজারের টেকনাফে অভিযানের সময় ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। এই পরিমান মাদকের বাজারমূল্য মূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা।
রোববার ভোরের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর নাফ নদীর বেড়িবাঁধ থেকে ওই মাদক উদ্ধার করে বিজিবি।
এ বিষয়ে টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার হবে জানতে পেরে বিজিবির একটি টহল দল খারাংখালী এলাকার লবণ মাঠ ও বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। এ সময় দুই চোরাকারবারি শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। টহল দল তাদের থামতে বলে। তখন চোরাকারবারিরা ২টি পোঁটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
ফেলে যাওয়া পোঁটলা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ ১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূরণ





