ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কোটচাঁদপুরে কাশিপুর পৌর কলেজের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকু মনি (৭ বছর), একই উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০), কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনর ছেলে রাফান (১১ মাস), এলাঙ্গী গ্রামের তোরাব আলীর স্ত্রী শিউলি বেগম (৫০) ও এবং অজ্ঞাত আরও একজন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারি চালিতভ্যান যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। এর মধ্যে যশোর পৌঁছানোর পর একজনের মৃত্যু হয়। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলি বেগমের মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে পাঠানো গুরুতর আহত তিনজনের মধ্যে দুজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ রাজা চার্লসের রাজ্যাভিষেক বিশেষ কেন?





