জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ যদি চায় তবে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। তখন বিএনপি রুখে দিতে নানান ধরনের ষড়যন্ত্র করছে। তারা কখনো সমাবেশ দিচ্ছে, কখনো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে। পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি-সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এদেশের মানুষ কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা আর পেছনে ফিরে যেতে চায় না। এদেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না।
আরও পড়ুনঃ সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, তারা সমাজের শত্রু, মানুষের শত্রু: কৃষিমন্ত্রী





