খালেদা জিয়ার চিকিৎসার জন্য আসছেন ৩ বিদেশি চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমেরিকা থেকে রাতে ঢাকায় আসছেন তিন চিকিৎসক।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।
এদিকে শারীরিক অবস্থার তারতম্যের কারণে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) যাওয়া-আসার মধ্যে রয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আরও এক দফা সিসিইউতে নেয়া হয় বলে জানান চিকিৎসক। তবে মঙ্গলবার বেলা ১২টার দিকে জানা যায়, অবস্থার উন্নতি হওয়ায় তাকে ফের কেবিনে স্থানন্তর করা হয়েছে।
বেগম জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগেও কয়েকবার তাকে সিসিইউতে নেয়া হয়।
গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সম্প্রতি তার চিকিৎসকরা প্রেস কনফারেন্সে জানান, তার লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। লিভারের অবস্থা ভালো না থাকায় তার শরীরে ওষুধ কাজ করছে না বলে জানান চিকিৎসকরা। তবে তার এখন যে চিকিৎসা দরকার তা দেশে সম্ভব নয় বলেও দাবি করেছেন চিকিৎসকরা।
গত ১০ এবং ১৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে নেয়া হয়েছিলো। পরে অবস্থার উন্নতি হলে আবার কেবিনে স্থানান্তর করা হয়।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
আরও পড়ুনঃ সাম্প্রদায়িকতাকে যারা লালন করে, তারা সমাজের শত্রু, মানুষের শত্রু: কৃষিমন্ত্রী





