ঘুষ ছাড়া নিয়োগপ্রাপ্তরা দেশের সম্পদ: আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, তারা দেশের সম্পদ এবং এখন তাদের সময় এসেছে দেশের জন্য কাজ করে প্রতিদান দেওয়ার।
শনিবার (৬ সেপ্টেম্বর) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “অতীতে বাংলাদেশে যে দল ক্ষমতায় থাকত, তারা তাদের ঘনিষ্ঠদের চাকরিতে নিয়োগ দিত। আমরা এই প্রথা ভাঙতে চাই। আমাদের লক্ষ্য স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। এই প্রক্রিয়ায় কোনো স্বজনপ্রীতি বা ঘুষের অভিযোগ আমার কাছে আসেনি। যারা মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, তাদের এখন দেশের জন্য কাজ করার সময়।”
তিনি আরও বলেন, “শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে আত্মকর্মসংস্থানের দিকে মনোযোগ দিতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। গত ১৬ বছরে প্রতিষ্ঠানগুলো দলীয়করণের শিকার হয়েছে। তবে, পিডিবিএফের নিয়োগে আমরা কোনো দলীয় প্রভাব রাখিনি। নিয়োগপ্রাপ্তরা কোনো দলের নয়, তারা আমাদের ও দেশের সম্পদ।”
অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়ে মন্তব্য করেন। মব ভায়োলেন্স প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক কার্যক্রমকে মব ভায়োলেন্স বলা যায় না। এ দুটির মধ্যে পার্থক্য বোঝা জরুরি। তবে, মরদেহ পোড়ানোর মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য কারা দায়ী এবং কার অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা তদন্ত করা হবে।”
কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, জাতীয় পার্টির পক্ষ থেকেই প্রথম হামলা হয়েছে। এটি রাজনৈতিকভাবে একটি অপরিণামদর্শী পদক্ষেপ। কারা এই হামলার পেছনে সাহস জুগিয়েছে, তা খতিয়ে দেখা হবে।”





