তুরাগ নদীর ১৭ কিলোমিটার ড্রেজিংয়ে বিশ্ব ব্যাংকের অর্থায়ন
তুরাগ নদীর ১৭ কিলোমিটার অংশ ড্রেজিংয়ের জন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই প্রকল্পটি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক নগর সংলাপে তিনি এ কথা জানান।
রিজওয়ানা হাসান বলেন, “দেড় বছরের মধ্যে ঢাকার জলাশয়গুলো রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। তবে, ঢাকার জলাশয় বাঁচলে ঢাকা বাঁচবে, এর বাইরে ঢাকাকে টিকিয়ে রাখার কোনো উপায় নেই।”
তিনি আরও বলেন, “বাঁকখালী নদীর দুই তীরের অবৈধ দখল উচ্ছেদের পরিকল্পনা ছিল পাঁচ দিনের, কিন্তু আমরা তিন দিনে তা সম্পন্ন করেছি। যত বাধাই আসুক, আমরা নদী রক্ষায় অটল থাকব।”
পরিবেশ উপদেষ্টা জানান, নদী ও জলাশয় রক্ষায় মূল্যবোধের জায়গা থেকে কাজ শুরু করা হয়েছে। তিনি বলেন, “২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনো সুরক্ষা আদেশ জারি করা হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পর হাওড় সুরক্ষার জন্য আদেশ জারি করেছি এবং নদীগুলোর তালিকাও চূড়ান্ত করতে পেরেছি।”
নদী গবেষণা ইনস্টিটিউটের বাজেট বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়েছে বলে জানান তিনি। এই ইনস্টিটিউটকে ঝুঁকিপূর্ণ নদীগুলোর তালিকা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, আঁড়িয়াল, চলন ও বেলাই বিল ভরাট বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।





