কারও চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না: প্রধানমন্ত্রী
নির্বাচন যথাসময় হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও চোখ রাঙানিতে নির্বাচন থেমে থাকবে না। বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী তো সব সত্য বলে দিয়েছেন। আর চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, হচ্ছে।
বিরোধীদলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে অপর এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, খুনিদের সঙ্গে কীসের বৈঠক?
বিএনপি একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেছেন, এরা (বিএনপি) আসলে নির্বাচনই চায় না। আগামী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিলেন এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিন্তু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।
তিনি বলেন, তারা (বিএনপি) যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখ বিএনপি যেসব ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের যেভাবে পেটালো, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির কিছুই জুটবে না।
আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি
আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি





