সারাদেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৪৮ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৭৮৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৩ এবং ঢাকার বাইরের এক হাজার ৩৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা একজন, ঢাকার বাইরের ছয়জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭১ হাজার ১৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯ হাজার ১৬০ জন আর ঢাকার বাইরের এক লাখ ৭২ হাজার ৬ জন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৬৩ হাজার ৩০০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৫৯৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৬৬ হাজার ৭০৪ জন।
আরও পড়ুনঃ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে: সিইসি





