ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেব ফেব্রুয়ারির প্রথমার্ধে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সবচেয়ে সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতিতে এগিয়ে চলছি। এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে, আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। জাতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।”
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন প্রধান উপদেষ্টাকে জানান, “জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় ঐতিহাসিক গণভোট আয়োজনের সব প্রস্তুতি এখন সম্পূর্ণ। চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র নির্ধারণ, ব্যালট ছাপানো, প্রশিক্ষণ—সবই চূড়ান্ত পর্যায়ে। আমরা প্রস্তুত।”
তিনি আরও বলেন, “জনগণ এখন নির্বাচনি কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। দেশজুড়ে নির্বাচনি আমেজ সৃষ্টি হয়েছে।” সরকারের পূর্ণ সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার জন্য সিইসি ও অন্য কমিশনাররা প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান।





