উত্তর কোরিয়াকে শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলতে চান কিম
উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন দেশটির নেতা কিম জং উন।
রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পিয়ংইয়ং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম হোসং-১৭ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র কয়েকদিন পর কিম জং উন তার হোসং-১৭ ক্ষেপণাস্ত্রের উন্নয়নে অবদানের জন্য ১০০ জনের বেশী কর্মকর্তা এবং বিজ্ঞানীকে পদোন্নতি দিয়েছেন । বিশ্লেষকরা এটিকে ‘দানব ক্ষেপণাস্ত্র’ বলে অভিহিত করেছে এবং এটি মার্কিন মূল ভূখন্ডে পৌঁছাতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র’ হিসেবে নতুন আইসিবিএমকে (আন্ত:মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র) স্বাগত জানিয়ে কিম বলেন, উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের প্রযুক্তির উন্নয়নে একটি বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে।
কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে তার আদেশে বলা হয়, রাষ্ট্র ও জনগণের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পারমাণবিক বাহিনী গড়ে তোলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবী কাজ, এর চূড়ান্ত লক্ষ্য হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত এবং দেশের জন্য চূড়ান্ত ও নজিরবিহীন এক বাহিনী গড়ে তোলা।
আরও পড়ুনঃ “১০ ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী”





