পোল্যান্ডে সম্ভবত রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি : বাইডেন
পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হওয়ার কয়েকঘন্টার মধ্যে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে বুধবার জি৭ ও ন্যাটো মিত্রদের সাথে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
বাইডেন বলেন, বিস্ফোরণ নিয়ে তদন্তে সহায়তা করতে আমরা সম্মত হয়েছি। আসলে কি ঘটেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। এরপরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেবো। প্রাথমিকভাবে পাওয়া তথ্য তা বলছে না। খুব সম্ভব এটি রাশিয়া থেকে ছোড়া হয় নি। তবে আমরা দেখছি।
এর আগে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বুধবার সাংবাদিকদের বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার সুস্পষ্ট প্রমান এ মুহুর্তে আমাদের কাছে নেই। তদন্ত চলছে। খুব সম্ভব এটি রাশিয়ার তৈরি।





