মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশীসহ নিহত ১০
মালদ্বীপের রাজধানী মালেতে অগ্নিকাণ্ডে ১ বাংলাদেশিসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ বৃহস্পতিবার মালের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে দেশটির কর্মকর্তারা বলছেন, ভবনটির নিচতলায় গাড়ি মেরামতের গ্যারেজ রয়েছে। এই গ্যারেজ থেকেই আগুনের সূত্রপাত। ভবনটিতে বিদেশি শ্রমিকেরা গাদাগাদি করে থাকতেন। পরে আগুন গ্যারেজের ওপরের তলায় ছড়িয়ে পড়ে। গ্যারেজের ওপরের তলা থেকেই লাশগুলো উদ্ধার করা হয়।
এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, নিহত ১০ জনের মধ্যে ১ জন বাংলাদেশি রয়েছেন। বাকি নয়জন ভারতীয় নাগরিক।
মালদ্বীপের রাজধানী মালেতে বিপুলসংখ্যক বিদেশি শ্রমিক রয়েছেন। তাঁদের বেশির ভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক।





