“পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনো ভালো আছে”
বিশ্ব পরিস্থিতিতে দেশ কঠিন সময় পার করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জ্বালানি মূল্য কয়েকগুণ বেড়েছে, এটা সারা পৃথিবীর বাস্তবতা। শিল্পখাতে উৎপাদন অব্যাহত রাখতে গ্যাস আমদানি করতে হয়। যদিও অনেক সময় অনেক কারখানায় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনো ভালো আছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা সময় ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি আগুনে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছি। মালিকদের কেউ কেউ যখন শ্রমিকদের বেতন দিতে পারতেন না তখন বিক্ষোভ-ভাঙচুর ও জ্বালাও-পোড়াও হতো। সে অবস্থা এখন বদলেছে। ব্যবসায়ী নেতাদের পরামর্শে প্রধানমন্ত্রী শিল্প পুলিশ গঠন করেছেন।
তিনি বলেন, একসময় আমাদের গার্মেন্টসের মা-বোনেরা রাতে গার্মেন্টস থেকে বের হলে তার বেতনের টাকা ছিনতাই হতো। এখন শিল্প পুলিশ সেখানে সেতুবন্ধনের ন্যায় কাজ করছে। শিল্প পুলিশ শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে।
শিল্প পুলিশের উদ্দেশে তিনি বলেন, আপনারা শ্রমিক-মালিক সবার সমস্যা শুনুন। বেসরকারি শিল্পখাতে এখন অগ্রগতি হয়েছে। শিল্প পুলিশ কাজ করছে বলেই আজ শিল্প খাতে স্থিতিশীলতা বজায় আছে।
আরও পড়ুনঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী





