বয়স যে শুধুই সংখ্যা মাত্র
৮৫ বছর বয়সী ভারতের গুজরাতের বাসিন্দা রাধাকৃষ্ণ চৌধুরীর মেয়ে তাকে জানান যে, তার প্রচুর চুল পড়ছে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মেয়ের এমন অকালে চুল পড়া দেখে বাবাও দুশ্চিন্তায় পরে যান।
তবে শুধু চিন্তা করেই চুপ থাকলেন না তিনি। চুল পড়ার সমস্যা নিরসনে রীতিমতো পড়াশোনা শুরু করেন। প্রায় এক বছর ধরে এ বিষয়ে পড়াশোনা করার পর আয়ুর্বেদিক তেলের একটি মিশ্রণ বানান। তাতেই বাজিমাত।
শুরুতে তেলের গুণমান নিশ্চিত হতে প্রথমে নিজে ব্যবহারের পাশাপাশি দেন আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবকে। ইতিবাচক ফল পাওয়ায় পর বুঝতে পেরেছিলেন, তার পরিশ্রম বৃথা যায়নি। এরপরই সিদ্ধান্ত নেন, ‘হেয়ার কেয়ার কোম্পানি’ তৈরি করবেন।
বর্তমানে তার ব্যবসা এতটাই সফল হয় যে ৮৫ বছর বয়সে এসে জীবনের প্রথম গাড়িটি কেনেন। নিজের ইনস্টাগ্রামে সেই কথা এবং ছবিও শেয়ার করেন।
বরাবরই আয়ুর্বেদে আগ্রহ ছিল রাধাকৃষ্ণ চৌধুরীর। তা নিয়ে নিরন্তর চর্চাও করেছেন। শেষ পর্যন্ত মেয়ের মাথার চুল পড়তে দেখে ২০২১ সালের ডিসেম্বরের ছয় মাস আগে নিজস্ব তেল প্রোডাক্ট ‘আভিমি হার্বাল’ বাজারে এনেছিলেন। যার কথা এখন অনেকের মুখে-মুখে। এমনকি যার থেকে বাদ নেই অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরও।





