কলেজছাত্রের টাকা ছিনতাই, রিমান্ড শেষে আসামিরা কারাগারে
রিমান্ড শেষে কলেজছাত্রের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতাকৃতরা হলেন- জসিম উদ্দিন ওরফে জর্জি ও মীর হোসেন। রোববার (২৩ অক্টোবর) রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পুলিশ।
আদালতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২১ অক্টোবর আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ১৫ অক্টোবর কলেজের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার (২৩) ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন সবুজ (৩৭) বাসায় ফেরার সময় মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়ার সানরাইজ প্লাজার পাশে পান কেনার জন্য রিকশা থামান। এ সময় আরও দুজন মোটরসাইকেলে করে এসে গুলির ভয় দেখিয়ে সাড়ে ৪৫ হাজার ছিনিয়ে নেয়। এ ঘটনায় স্বাধীন সরকার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
আরও পড়ুন : কোটি টাকা মূল্যের জাল নোটসহ চক্রের মূলহোতা গ্রেপ্তার





