আড়াইহাজারে বাসে-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুজন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলার আধুরিয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহের চর এলাকার মোহাম্মদ আলীর ছেলে দুলাল মিয়া (৫০) ও রূপগঞ্জের মিয়াবাড়ি এলাকার নাইম মিয়ার ছেলে মো. নাফিজ (১৭)। নাফিজ আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রূপগঞ্জ থেকে সে কলেজে যাচ্ছিল।
এ বিষয়ে ভুলতা হাইওয়ে পুলিশ জানায়, নিহত দুজনই অটোরিকশার যাত্রী ছিলেন। আধুরিয়া এলাকার পাল্লা মোড়ে অটোরিকশাটি যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকাগামী বন্ধন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন এক নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।





