বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। সম্প্রতি প্রতি আউন্স সোনার দাম আবার ১ হাজার ৬৫০ ডলারের উপরে উঠেছে।
অবশ্য বিশ্ববাজারে সোনার দাম টানা কমতে থাকায় সম্প্রতি দেশের বাজারে টানা তিন দফা কমানো হয়েছে দামি এই ধাতুর দাম। অবশ্য তার আগে কয়েক দফা দাম বাড়ানো হয়। ফলে গত মাসেই দেশের বাজারে ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রতি ভরি সোনার দাম সাড়ে ৮৪ হাজার টাকা ছাড়িয়ে যায়।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময় থেকে বিশ্ববাজারে সোনার দরপতন শুরু হয়। গত ১২ আগস্ট প্রতি আউন্স সোনার দাম ছিল ১ হাজার ৮০১ দশমিক ৮২ ডলারে। সেখান থেকে কমতে কমতে গত সপ্তাহের লেনদেন শুরুর আগে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ১ হাজার ৬৪৩ দশমিক ২৬ ডলার।
আরও পড়ুনঃ বিনিয়োগ আকৃষ্ট করতে তুরস্কে বাংলাদেশের প্রচার দরকার : ডিসিসিআই
গত সপ্তাহে লেনদেনের শুরুর দিকে বিশ্ববাজারে সোনার দাম কমার প্রবণতা দেখা যায়। এক পর্যায়ে দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬১৬ ডলারে নেমে যায়। তবে সপ্তাহের শেষে তা বেড়ে ১ হাজার ৬৬০ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৭ দশমিক ২৬ ডলার বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে মাসের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম এখনো ২ দশমিক ৯৩ শতাংশ কম আছে।





