পাকিস্তানে ৩৪ লাখ শিশুর জরুরি সহায়তা প্রয়োজন: জাতিসংঘ
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ জানিয়েছে, পাকিস্তানে বন্যায় ক্ষতির শিকার হয়েছে ১ কোটি ৬০ লাখ শিশু। এর মধ্যে অন্তত ৩৪ লাখ শিশুর জীবন বাঁচানোর জন্য জরুরি সহায়তা প্রয়োজন।
গত সপ্তাহে পাকিস্তানে ইউনিসেফের প্রতিনিধি আবদুল্লাহ ফাদিল দেশটির দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। এর পরপরই তিনি দুর্গত এলাকার শিশুদের রক্ষায় জরুরি সহায়তার এই আবেদন জানান। তিনি বলেন, “পাকিস্তানের ছেলেমেয়েদের জলবায়ু পরিবর্তনের মূল্য চোকাতে হচ্ছে। অথচ এর পেছনে তাদের দায় নেই বললেই চলে।”
আরও পড়ুনঃ ছাত্রীদের গোসলের ভিডিও প্রকাশে উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
ন্যাশনাল ডিজাস্টার অথরিটি অব পাকিস্তানের তথ্য অনুযায়ী, গত জুনের মাঝামাঝি সময় থেকে দেখা দেওয়া বন্যায় পাকিস্তানে ১ হাজার ৫৪৫ জনের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে শিশুর সংখ্যা ৫৫২।
আবদুল্লাহ ফাদিল বলেন, বন্যায় অনেকের ঘরবাড়ি ভেসে গেছে। তাই অনেক জায়গায় বড়দের সঙ্গে শিশুদেরও খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। মাথা গোঁজার ঠাঁই নেই। খাবার, সুপেয় পানির সংকট চারপাশে। অপুষ্টিতে ভোগা অনেক মা তাঁদের শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছেন না। বন্যায় বিদ্যালয় ভবন, পানি সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার সংকট আরও জোরালো হয়েছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি সহায়তা না পেলে এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন আবদুল্লাহ ফাদিল। তবে সহায়তা পাওয়া যাচ্ছে সামান্যই।





