বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৬ পুলিশ কর্মকর্তার
কর্মস্থলে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক উপকমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ধরনের অনুমতি ছাড়াই নিজ নিজ কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, অনুমোদন ছাড়া এভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকাকে ‘পলায়ন’ হিসেবে গণ্য করা হয়।
তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কাজী আশরাফুল আজীম ও রাজন কুমার দাসের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার পাশাপাশি ‘অসদাচরণের’ অভিযোগও প্রমাণিত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত তারা যেদিন থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সেদিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।





