জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ
দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎবিষয়ক এক বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষও এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হবেন। তাই সরকারি পর্যায়ে এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এ সময় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনা তুলে ধরে। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।





