খালেদা জিয়ার মৃত্যুতে ইউনূসের শোকবার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতীক এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান। বার্তায় খালেদা জিয়াকে দেশের রাজনৈতিক ইতিহাসে একজন প্রভাবশালী নেত্রী হিসেবে স্মরণ করা হয়।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়। এই আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তরের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হলো।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।





