নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ, সেনাবাহিনীর গুজব এড়ানোর আহ্বান
কাঠমান্ডু উপত্যকায় চলমান অস্থিরতা ও কারফিউর মধ্যে বিদেশি পর্যটকদের সহায়তায় নেপালের অভিবাসন বিভাগ ভিসা নবায়ন ও প্রস্থান প্রক্রিয়া সহজ করেছে। অভিবাসন কর্মকর্তারা জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ ৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত বৈধ ছিল, তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই ভিসা হালনাগাদ এবং প্রস্থানের অনুমতিপত্র (এক্সিট পারমিট) পেতে পারবেন।
এই সুবিধা অভিবাসন দপ্তরে অথবা বিমানবন্দর ও স্থল সীমান্তের মতো প্রস্থান পয়েন্টে পাওয়া যাবে। এছাড়া, যেসব পর্যটকের পাসপোর্ট হারিয়ে গেছে, তাদের জন্য পুরোনো ভিসা নতুন ভ্রমণ নথিতে স্থানান্তরের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জরুরি পাসপোর্ট বা দূতাবাস থেকে ইস্যুকৃত অন্যান্য ভ্রমণ নথি ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা নিশ্চিত করা হবে, যাতে তারা সহজেই দেশ ত্যাগ করতে পারেন।
এদিকে, নেপালের সেনাবাহিনী চলমান পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করে জনগণকে গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর যৌথ বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী তাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি, নোট এবং সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত সঠিক তথ্য প্রচার করছে। জনগণকে শুধুমাত্র এই উৎস থেকে তথ্য গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।





