ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, আহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের ঠাকুরদিঘী এলাকায় শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার তিন বছরের কন্যা মুসকান নিহত হয়েছেন। তারা কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার চট্টগ্রামমুখী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে প্রাণ হারান।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের মধ্যে গোলাম সরোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন এবং তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে অপর দুজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, “কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। মরদেহ থানায় রাখা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।”





