জাতীয় পার্টির কার্যালয়ে হামলার তীব্র নিন্দা বিএনপির
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনাকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রত্যাশার পরিপন্থী বলে উল্লেখ করেন।
বিবৃতিতে রিজভী বলেন, “কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তির দ্বারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ধ্বংসাত্মক কার্যক্রম জনমনে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।”
বিএনপি জানায়, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। হামলার মাধ্যমে কোনো দলের কার্যক্রম বন্ধ করার চেষ্টা বহুদলীয় গণতন্ত্রের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রিজভী আরও বলেন, “রাজনীতিতে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু হিংসা বা শক্তি প্রয়োগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। প্রকৃত গণতন্ত্রে বিভিন্ন দলের অস্তিত্ব অপরিহার্য।”
তিনি জোর দিয়ে বলেন, হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমে বাধা সৃষ্টি করা গণতন্ত্রের মৌলিক চেতনার বিরোধী। এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।





