সেনাবাহিনীর বিরুদ্ধে কটূক্তি নিয়ে সেনাপ্রধান: ‘ওরা আমাদের সন্তানের বয়সী’
বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কটূক্তি ও গালিগালাজ প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব শুনে অখুশি হওয়ার কিছু নেই। যারা এমন করছে, তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে এবং লজ্জিত হবে।
আজ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে এবং ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
দেশ এখন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে এগোচ্ছে উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন এবং মাঠে দায়িত্ব পালনের সময় এই পেশাদারত্ব বজায় রাখতে হবে।
দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, এত দীর্ঘ সময় ধরে মাঠে থাকার অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং কোনো দূরত্ব থাকলে তা দূর করতে হবে। তিনি সেনা সদস্যদের প্রতিশোধমূলক কোনো কাজে জড়িত না হওয়ার নির্দেশ দেন।
একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, এই অভিযোগের তদন্ত চলছে এবং প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি স্পষ্ট করে বলেন, সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কার্যক্রমে জড়িত হতে পারবেন না।
এ ছাড়া, একজন কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। তবে এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা গণরায় গ্রহণযোগ্য নয়।
তিনি জোর দিয়ে বলেন, শাস্তি হবে সেনাবাহিনীর নিজস্ব নিয়ম-কানুনের মাধ্যমে।
একজন সেনা কর্মকর্তা গড়ে তুলতে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয় উল্লেখ করে সেনাপ্রধান বলেন, অপরাধে জড়ানোর আগেই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। কেউ অপরাধে জড়িয়ে পড়লে এবং তাকে বরখাস্ত করা হলে, তা রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এসব তথ্যে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সেনা সদস্যদের সব সময় সতর্ক থাকতে হবে, যাতে কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াতে না পারে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে। সেনা সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।





