আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: ৬১ বিদেশি নাগরিকসহ ছিলেন ২৪২ আরোহী
ভারতের আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি লন্ডনগামী বিমান বিধ্বস্ত হয়েছে। ফ্লাইট এআই১৭১ নম্বরের এই বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৬১ জন বিদেশি নাগরিক। বিমানটি উড্ডয়নের মাত্র পাঁচ মিনিটের মধ্যে মেঘানিনগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের ছিল এবং এটি প্রথমবারের মতো এই ধরনের বিমানের দুর্ঘটনা বলে জানা গেছে। বিমানটি দুপুর ১:৩৮ মিনিটে উড্ডয়নের পর ৬২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পর অস্বাভাবিকভাবে নিচু দিয়ে উড়ছিল এবং হঠাৎ মাটির দিকে নামতে শুরু করে। বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। বিমানটি বিজে মেডিকেল কলেজের ডাক্তারদের হোস্টেলের ডাইনিং এলাকায় আছড়ে পড়ে, যার ফলে কমপক্ষে পাঁচজন মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কলেজের ডিন মিনাক্ষী পারিখ।
আহমেদাবাদ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের ৭০-৮০ শতাংশ এলাকা পরিষ্কার করা হয়েছে, তবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।





